মীরসরাইয়ে বিষ দিয়ে মাছ নিধন, ২ লাখ টাকার ক্ষতি

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৮:১১ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ে শত্রুতাবশত পুকুরে বিষ দিয়ে মাছের পোনা নিধনের অভিযোগ পাওয়া গেছে। 

উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পালগ্রামে মৎস্য চাষী রেজাউল করিমের পুকুরে সোমবার রাতে এই ঘটনা ঘটে। এতে করে ওই চাষীর বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে।

মৎস্য চাষী রেজাউল করিম জানান, বিক্রির উদ্দেশ্যে দুই মাস আগে কার্পু, তেলাপিয়া ও রুই মাছের ডিম এনে পুকুরে ছেড়েছিলেন। অনেক পরিশ্রমের পর সেই ডিম থেকে রেনু পোনা ফুটেছিল। মঙ্গলবার সকালে তিনি দেখতে পান পুকুরে মাছের পোনা মরে ভেসে উঠছে। সময় বাড়ার সাথে সাথে পুরো পুকুরের মাছ মারা যায়। এতে তার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, গত ১০-১২ দিন আগেও তার অন্য দুটি পুকুরে একইভাবে বিষ দিয়ে মাছ নিধন করা হয়েছিল। সব মিলিয়ে তার প্রায় ২ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। দুর্বৃত্তরা শত্রুতাবশত এই কাজ করেছে বলে তিনি মনে করছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে মীরসরাই সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান বলেন, মাছ কেন মরছে সেটি আগে খতিয়ে দেখা প্রয়োজন। মাছ অনেক কারণে মরতে পারে। তবে মীরসরাইয়ে ল্যাবে পরীক্ষার সুযোগ নেই। যদি বিষ দেওয়ার কারণে মাছ মারা গিয়ে থাকে, তবে এটি একটি বড় অপরাধ এবং এর আইনি শাস্তির বিধান রয়েছে।

জেএইচআর