নীলফামারীতে টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ

আল-আমিন, নীলফামারী প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৮:১৫ পিএম

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির বাজারে নীলফামারীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর খোলা ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রমে নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। সরকার নির্ধারিত মূল্যে চিনি, মসুর ডাল ও ভোজ্য তেল কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন দিনমজুর, ভ্যানচালক ও শ্রমজীবীসহ খেটে খাওয়া সাধারণ মানুষ।

স্বল্পমূল্যে নিত্যপণ্য পেয়ে খুশি ক্রেতারা জানান, বাজারে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। টিসিবির এই কার্যক্রম তাদের জন্য বড় আশীর্বাদ হয়ে এসেছে। তারা সরকারকে ধন্যবাদ জানিয়ে এই কার্যক্রম নিয়মিত চালু রাখার দাবি জানান।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ১০টি পয়েন্টে প্রতিদিন প্রায় চার হাজার মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। বিক্রয় কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে নারী ও পুরুষের জন্য পৃথক লাইনের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি পয়েন্টে সুষ্ঠু তদারকির জন্য নিয়োগ দেওয়া হয়েছে ট্যাগ অফিসার।

ট্যাগ অফিসার মো. বাচ্চু মিয়া বলেন, সরকার নির্ধারিত দামে সুষ্ঠুভাবে সাধারণ মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে আমরা কাজ করছি। যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতেই সরকারের এই উদ্যোগ। সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করেই আমরা নিয়মিত তদারকির মাধ্যমে কার্যক্রমটি পরিচালনা করছি।

স্থানীয়দের মতে, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই উদ্যোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই লাঘব হবে।

জেএইচআর