ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় পণ্যবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি উপজেলার পানিশ্বর গ্রামের সদ্য প্রবাসফেরত শাহআলম। অপর নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, পানিশ্বর গ্রামের দুই বন্ধু মোটরসাইকেলে করে চিলোকুটে নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ শেষে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবোঝাই ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মর্মান্তিকভাবে নিহত হন। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবু তাহের জানান, ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় পণ্যবোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেএইচআর