এবিটস গোল্ডকাপে কালারপোলের শিরোপা জয়

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: মে ১৫, ২০২৬, ০৯:৪৬ পিএম

পটিয়ায় অনুষ্ঠিত এবিটস ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের ২৬তম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কর্ণফুলী কালারপোল ক্রীড়া সংস্থা। 

শুক্রবার বিকেলে পটিয়া খলিল মীর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে রাঙ্গুনিয়া অলস্টার এসসিকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে দলটি।

খেলায় শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে দর্শকদের মাতিয়ে রাখে। ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় কর্নার কিক থেকে বাঁকানো শটে সরাসরি অসাধারণ গোল করে কর্ণফুলী কালারপোলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ফাহিম সোহেল।

এরপর রাঙ্গুনিয়া অলস্টার সমতায় ফেরার জন্য একাধিক আক্রমণ চালালেও কর্ণফুলী কালারপোলের শক্তিশালী রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় তারা সফল হতে পারেনি। নির্ধারিত সময় শেষে এই ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কর্ণফুলী কালারপোল ক্রীড়া সংস্থা। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ আরিফ এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফাইনালের একমাত্র গোলদাতা ফাহিম সোহেল।

শিরোপা জয়ের পর কর্ণফুলী কালারপোল এলাকায় আনন্দ-উচ্ছ্বাসের বন্যা বয়ে যায়। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা মিছিলের মাধ্যমে এবং খেলোয়াড়দের ফুল দিয়ে বরণ করে বিজয় উদযাপন করেন, যার ফলে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

স্থানীয় ক্রীড়া সংগঠকরা বলেন, এই অর্জন পুরো কর্ণফুলী অঞ্চলের ক্রীড়াঙ্গনের জন্য গর্বের বিষয়। এ ধরনের প্রতিযোগিতা তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে বলে তারা আশা প্রকাশ করেন। বিজয়ী দলের খেলোয়াড়রাও তাদের এই সাফল্যের জন্য কোচ, সমর্থক ও স্থানীয় জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জেএইচআর