প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ 

২০২৮ সালে প্রাথমিক শিক্ষার্থীরা পাবে নতুন কারিকুলাম

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: মে ১৭, ২০২৬, ০৫:২৭ পিএম

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, নতুন কারিকুলামের ডিজাইন, প্রশিক্ষণ ও পাইলটিং কার্যক্রম শেষে ২০২৮ সালে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা নতুন কারিকুলামের আওতায় আসবে। আগামী এক বছরের মধ্যে কারিকুলামের ডিজাইন সম্পন্ন করা হবে এবং ২০২৭ ও ২০২৮ সালে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করা হবে।

রোববার দুপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি আয়োজিত ‘প্রাথমিক স্তরের ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এখন প্রাথমিক শিক্ষার মূল মাপকাঠি হবে শিক্ষার্থীদের কতটুকু শেখানো যাচ্ছে। শ্রেণিকক্ষে শিক্ষা ব্যবস্থার কার্যকারিতার ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মূল্যায়ন করা হবে। এজন্য উন্নত ওয়াশরুম ও মানসম্মত শ্রেণিকক্ষ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ভাষা, গণিত ও সিটি এডুকেশনের পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে নতুন কারিকুলাম সাজানো হচ্ছে। এ কারিকুলাম শুধু শ্রেণিকক্ষে সীমাবদ্ধ থাকবে না; বরং শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনের দিকেও গুরুত্ব দেওয়া হবে।

ববি হাজ্জাজ বলেন, “টেক্সটবুক কাদের জন্য এবং কোন প্রেক্ষাপটে তৈরি করা হচ্ছে, তা আগে বিবেচনা করতে হবে। এরপর নির্ধারণ করতে হবে শিক্ষার্থীদের লার্নিং আউটকাম। সেই আউটকামের ভিত্তিতেই সব কিছু পরিচালিত হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন ফরিদ আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এএন