যশোরের অভয়নগর উপজেলায় এক ব্যতিক্রমী আকৃতির ষাঁড়কে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও আলোচনা। ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের মতো চুলের স্টাইল থাকায় স্থানীয়রা শখ করে ষাঁড়টির নাম দিয়েছেন ‘নেইমার’।
সাড়ে পাঁচ ফুট উচ্চতার এই বিশালদেহী ষাঁড়টির ওজন প্রায় ৩৫ মণ। দেখতে আসা মানুষজনের ভিড় এখন প্রতিদিনই বাড়ছে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন- আবার অনেকে দূরদূরান্ত থেকে শুধুই এক নজর দেখতে আসছেন এই ‘নেইমার’কে।
স্থানীয় সূত্রে জানা যায়, ষাঁড়টি অত্যন্ত শান্ত স্বভাবের। খোলা অবস্থায় রাখা হলেও সাধারণত এটি কাউকে আঘাত করে না। তবে মাঝে মাঝে খেলার ছলে শিং দিয়ে হালকা ধাক্কা বা পাত্রে আঘাত করার মতো আচরণ করে থাকে বলে জানান মালিক।
ষাঁড়টির গায়ের রং বাদামি, মাথা ও ঘাড়ের সামনের অংশ সাদাটে। শরীরের কিছু অংশে সাদা দাগ তার আকর্ষণ আরও বাড়িয়েছে। চুলের বিশেষ গঠনই সবচেয়ে বেশি নজর কাড়ছে দর্শনার্থীদের।
এই ষাঁড়টির মালিক অভয়নগরের ডাঙামশিয়াহাটি গ্রামের দেবু পাঁড়ে। তিনি জানান, দীর্ঘদিনের লালন-পালন আর যত্নে ষাঁড়টিকে বড় করেছেন তিনি। বর্তমানে তার খামারে কয়েকটি গরু রয়েছে, যার মধ্যে এটি সবচেয়ে বড়।
দেবু পাঁড়ে আরও জানান, প্রতিদিন খৈল, ভুসি, খড়, ভুট্টার গুঁড়া, ঘাস ও অন্যান্য খাবার খাওয়ানো হয় ষাঁড়টিকে। পাশাপাশি নিয়মিত গোসলও করানো হয়। তার দাবি, তিন বছরের বেশি সময় ধরে সন্তানের মতো করেই তিনি প্রাণীটিকে লালন করছেন।
স্থানীয়রা জানান, এমন আকর্ষণীয় গরু এলাকায় আগে দেখা যায়নি। তাই বিক্রির খবর ছড়িয়ে পড়তেই মানুষের ভিড় আরও বেড়েছে।
ষাঁড়টি দেখতে আসা প্রতিবেশীরা বলছেন, দেবু পাঁড়ে পরিশ্রম ও ভালোবাসা দিয়ে প্রাণীটিকে বড় করেছেন। এখন এটি বিক্রির অপেক্ষায় থাকলেও এলাকার মানুষের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করেছে।
অভয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মতে, সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশ ও যত্নে বড় হওয়া এই ষাঁড়টি স্বাভাবিক ও সুস্থ রয়েছে। বড় আকারের কারণে এটি স্থানীয় পর্যায়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এএন