মাগুরা মেলায় লটারির নামে জুয়ার বাণিজ্য, প্রশাসনের অভিযানে সরঞ্জাম জব্দ

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: মে ১৮, ২০২৬, ১২:০২ এএম

মাগুরার মাসব্যাপী শিল্প ও বাণিজ্যমেলায় প্রবেশ টিকিটের আড়ালে প্রকাশ্যেই চলছিল লটারির নামে জুয়ার বাণিজ্য। প্রতিদিন মাইকিং, পুরস্কারের প্রলোভন আর হাজারো মানুষের ভিড় ঘিরে জমে উঠেছিল এই অবৈধ আয়োজন। 

অভিযোগ ওঠে, কয়েক লাখ টাকার পুরস্কার দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছিল কয়েক গুণ বেশি অর্থ। বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়লে অবশেষে মাঠে নেমেছে প্রশাসন।

রোববার বিকেলে শহরের পারনান্দুয়ালী, মহিষাডাঙ্গা ও সাইত্রিশ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এই সময় মেলা প্রাঙ্গণ ও এর আশপাশ থেকে লটারির টিকিট বক্স, বিপুল পরিমাণ টিকিট এবং প্রচারের কাজে ব্যবহৃত মাইক জব্দ করা হয়েছে।

এর আগে মেলায় লটারির নামে সাধারণ মানুষকে প্রতারিত করার প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে স্থানীয় নাগরিক সমাজ ও শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে মেলায় চলা এই লটারিকে সরাসরি ‘জুয়ার আসর’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়। তীব্র প্রতিবাদের মুখেই জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঝটিকা অভিযান চালানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলার নামে এই ধরনের জুয়া বা অবৈধ লটারি বাণিজ্য বন্ধে তাঁদের এমন নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

জেএইচআর