বড়লেখায় কৃষি প্রযুক্তি মেলা ও পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার) প্রকাশিত: মে ১৮, ২০২৬, ০৫:৩৮ পিএম

মৌলভীবাজারের বড়লেখায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রযুক্তি মেলা ও ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার উপজেলা পরিষদ চত্বরে কৃষি প্রযুক্তি মেলা এবং পরিষদ মিলনায়তনে এই কংগ্রেসের আয়োজন করা হয়।

‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)’ প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিটু।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দীন সরকার, বড়লেখা উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনোয়ার হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুস শহীদ খান, বড়লেখা প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুয়েল কামালসহ অনেকে।

কংগ্রেসে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা টেকসই কৃষি উন্নয়নে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের নিয়মিত প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস সদস্য এবং কৃষি বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি আলহাজ্ব নাসির উদ্দিন আহমদ মিঠু মেলায় অংশ নেওয়া বিভিন্ন কৃষি প্রযুক্তির স্টল পরিদর্শন করেন। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁর সঙ্গে ছিলেন।

জেএইচআর