মাদারীপুরে ভূমি সেবা মেলায় ক্ষতিপূরণের চেক বিতরণ

মহসিন তালুকদার, মাদারীপুর প্রকাশিত: মে ২১, ২০২৬, ০২:১৯ পিএম

দেশব্যাপী চলমান ‘ভূমি সেবা মেলা-২০২৬’ উপলক্ষে মাদারীপুরে ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত জমির মালিকদের মাঝে কোটি কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই চেক প্রদান করা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি এবং পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির মোট ২০ জন ক্ষতিগ্রস্ত মালিকের মাঝে সর্বমোট ৫ কোটি ৮ লাখ ৫১ হাজার ৩৫৭ টাকার চেক বিতরণ করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম। মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিগার সুলতানা এবং ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ আবুল হাছনাত।

এ সময় জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো ও সার্ভেয়ারসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর