চট্টগ্রামে এবার ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ২২, ২০২৬, ০৮:১০ পিএম

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগের ঠিক একদিন পরই এবার ডবলমুরিং থানা এলাকায় ৭ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত যুবককে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। এ সময় উত্তেজিত জনতার তোপের মুখে পুলিশ সদস্যরাও কিছুক্ষণ অবরুদ্ধ থাকেন। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় অভিযুক্তকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।

শুক্রবার দুপুরে ডবলমুরিং থানার হাজিপাড়া সুন্নিয়া মাদ্রাসা এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগী শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শিশুটি একটি কাজে ঘরের বাইরে বের হলে অভিযুক্ত যুবক তাকে ফুসলিয়ে একটি নির্জন স্থানে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে যুবকটিকে ধরে ফেলে। পরে ক্ষুব্ধ জনতা অভিযুক্তকে মারধর শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, ঘটনা শোনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে প্রায় দুই ঘণ্টার অবরুদ্ধ পরিস্থিতি কাটিয়ে অভিযুক্ত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের বাকলিয়ায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের গুরুতর অভিযোগ ওঠে। ওই ঘটনায়ও পুলিশ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পরপর দুই দিনে শিশুদের ওপর এমন পাশবিক নির্যাতনের ঘটনায় নগরজুড়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

জেএইচআর