সোনারগাঁয়ে পুলিশের অভিযানে ২ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

পনির ভূঁইয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১১:৩১ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ২ ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তালতলা তদন্ত কেন্দ্র পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু রাজনৈতিক কর্মী অপচেষ্টা চালাচ্ছিল। জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে এসআই মো. মামনুর রশিদের নেতৃত্বে সোনারগাঁ থানার একটি চৌকস অভিযানিক দল গতকাল শুক্রবার বিভিন্ন স্থানে অভিযান চালায়।

এসময় সোনারগাঁ থানাধীন সাদিপুর ইউনিয়নের নয়াপুর কাঠালিয়াপাড়া এলাকার নিজ বসতবাড়ি থেকে সাদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান মুরাদ (২৫) ও আওয়ামী লীগ কর্মী হিমেলকে আটক করা হয়। তারা কাঠালিয়াপাড়া এলাকার হাবিবুর রহমান হবির ছেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, নিয়মিত মামলায় আজ শনিবার তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

এএন