রাজশাহীতে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় 

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৪:২২ পিএম

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজশাহীর হযরত শাহ্ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে গত ১৮ মে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সময় নির্ধারণ করা হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিকূল আবহাওয়ার কারণে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত আয়োজন করা সম্ভব না হলে সকাল ৮টায় হযরত শাহ্ মখদুম (র.) দরগাহ জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া রাজশাহী মহানগর ও উপজেলা পর্যায়ের ঈদগাহগুলোতে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময় অনুযায়ী জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহ এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে থাকবে।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে ওইদিন সুবিধাজনক সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু কেন্দ্র, শিশু পরিবার, শিশুপল্লী, শিশুসদন, ছোট মণিনিবাস, শিশু বিকাশ কেন্দ্র, সেফ হোমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) দ্রুততম সময়ে কোরবানির বর্জ্য অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে, যেন কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা হয় এবং যেখানে-সেখানে না ফেলা হয়।

এম জি