রাজশাহীর পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে মোবাইল কোর্ট

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: মে ২৫, ২০২৬, ০৮:৪০ পিএম

ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর বিভিন্ন পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের নির্দেশনায় মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর সিটি হাট, পবা উপজেলার নওহাটা হাট, পুঠিয়ার ঝলমলিয়া হাট, তানোরের মুন্ডুমালা হাট, বাগমারার ভবানীগঞ্জ হাট এবং চারঘাটের নন্দনগাছি হাটসহ বিভিন্ন পশুর হাটে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযান চলাকালে হাসিল আদায়ের রশিদবই যাচাই করা হয়। পাশাপাশি পশু ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে নির্ধারিত হারের বেশি টোল আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় হাট ইজারাদারদের অতিরিক্ত হাসিল আদায় থেকে বিরত থাকতে সতর্ক করা হয়। একই সঙ্গে নির্ধারিত টোল তালিকা হাটের দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন জানিয়েছে, ঈদকে সামনে রেখে জেলার সব কোরবানির পশুর হাটে নির্ধারিত হারের বাইরে যেন কোনো অতিরিক্ত হাসিল আদায় না হয়, সে জন্য ভিজিল্যান্স টিমের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

এএন