রাজধানীর মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেছেন, এ মামলায় রাষ্ট্রপক্ষ কঠোর অবস্থানে থাকবে এবং অপরাধীদের সর্বোচ্চ দণ্ড নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
রোববার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের উন্নয়ন সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। বিচারকদের নিয়োগ-পরবর্তী পদায়ন বা শৃঙ্খলামূলক বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই। ফলে আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে বিচারকার্য পরিচালনা করতে সক্ষম।
তিনি আরও বলেন, দেশে বর্তমানে বিপুলসংখ্যক মামলা বিচারাধীন রয়েছে। প্রায় ৪৫ লাখ মামলার চাপ সামলাতে বিচারক ও আইনজীবীর সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। এ কারণে বিচারপ্রক্রিয়ায় সময় লাগলেও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
শিশু রামিসার হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, এমন নৃশংস অপরাধের ঘটনায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মামলার বিচার দ্রুত সম্পন্ন করে ভুক্তভোগী পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এএন