নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
আহত সাইফুল ইসলামকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১ জুন) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, আজ সকাল ৬টার দিকে নাটোর থেকে একটি মোটরসাইকেলে তিন আরোহী সিংড়ার দিকে যাচ্ছিলেন।
এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা আমবোঝাই একটি ট্রাক নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজ এলাকায় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন আলী ও হিরা নামে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হন সাইফুল ইসলাম। পরে খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।
নিহত দুজনের বাড়ি নাটোরের লালপুর উপজেলার সাধুপাড়া এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
এএন