চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সেনেরহাট এলাকায় দিনদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার বেলা ১২টার দিকে ভাই ভাই ফার্মেসির পেছনে সেরাজ কেরানীর বাড়ি (সিলকার বাড়ি) এলাকায় এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ভাষ্যমতে, ঘরে থাকা টেলিভিশনের বৈদ্যুতিক সকেট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে শর্টসার্কিটের মাধ্যমে মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে পানি এনে নেভানোর চেষ্টা করেন।
ঘরের মালিক আনোয়ার হোসেনের স্ত্রীর ভাই মো. সাহেদ জানান, টিভির সকেট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
আনোয়ার হোসেনের স্ত্রী বলেন, ঘরের ভেতরে থাকা প্রায় সবকিছুই পুড়ে গেছে। কোনো কিছুই অবশিষ্ট নেই। গুরুত্বপূর্ণ কাগজপত্র, এমনকি জমির দলিলও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে সন্দ্বীপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
সন্দ্বীপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মঈনউদ্দীন জানান, দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
জেএইচআর