রাজশাহীতে পিস্তল ও গুলিসহ ২ অস্ত্র কারবারি আটক

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি প্রকাশিত: জুন ৩, ২০২৬, ১১:৩৫ এএম

রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলিসহ দুই অস্ত্র কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের রাজাবাড়ীহাট এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আটকরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার বটতলী চারমাথা গ্রামের বাসিন্দা দুলাল শেখ (৩৬) ও সানজিদা আক্তার শিমু (১৮)।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকা থেকে একটি প্রাইভেটকারে অস্ত্রের বড় একটি চালান কুষ্টিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ রানা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর্জা মো. আব্দুস সালামের নেতৃত্বে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্র ও গোদাগাড়ী মডেল থানা পুলিশের একটি যৌথ দল রাজাবাড়ীহাট এলাকায় চেকপোস্ট বসায়।

বিকেল ৪টার দিকে সন্দেহভাজন গাড়িটি চেকপোস্টে পৌঁছালে পুলিশ সেটিকে থামায়। এরপর তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ এবং ওই দুজনকে আটক করা হয়।

অভিযানের বিষয়ে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস এম মাকসুদুর রহমান বলেন, এসআই মাসুদ রানার পাওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত ও সমন্বিত অভিযান চালিয়ে এই চালানটি ধরা সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।

গোদাগাড়ী মডেল থানায় এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বুধবার সকালে আটকদের আদালতে সোপর্দ করা হবে বলেও পুলিশ জানিয়েছে।

এএন