রাঙামাটির লংগদু উপজেলায় ভূমি অধিগ্রহণের নামে জমি দখল করে ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা।
শুক্রবার সকালে রাঙামাটি শহরের কোর্ট হিল এলাকায় অ্যাডভোকেট পারভেজ তালুকদারের চেম্বারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, বিজিবির ৩৭ রাজনগর জোন গুলশাখালী ইউনিয়নের কয়েকজন ভূমি মালিকের ৫০ একরেরও বেশি রেকর্ডভুক্ত জমি অধিগ্রহণের নামে দখল করলেও এখন পর্যন্ত কোনো ক্ষতিপূরণ প্রদান করা হয়নি।
তাদের দাবি, এ বিষয়ে দায়ের করা রিটের পর ২০২৫ সালের ১৪ জানুয়ারি হাইকোর্ট ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান অথবা জমি ফেরত দেওয়ার নির্দেশ দেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো সেই নির্দেশনা বাস্তবায়ন করেনি।
বক্তারা বলেন, গত সাত বছর ধরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায়বিচার ও ক্ষতিপূরণের আশায় বিভিন্ন দপ্তরে ঘুরছে। বারবার আবেদন জানানো হলেও সমস্যার কোনো সমাধান হয়নি।
তারা দ্রুত হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন, জমির যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ তালুকদারসহ ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।
এম জি