নান্দাইলে সাংবাদিকদের তিন দিনের মাল্টিমিডিয়া প্রশিক্ষণ শুরু

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০১:২১ পিএম

ময়মনসিংহের নান্দাইলে কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও আধুনিক সাংবাদিকতায় দক্ষ করে তুলতে তিন দিনব্যাপী ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক উন্নত মানের প্রশিক্ষণ’ শুরু হয়েছে। 

শনিবার সকালে নান্দাইল উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে স্থানীয় ৩৫ জন সাংবাদিককে নিয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব ও উদ্বোধনী বক্তব্য রাখেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক ফাতেমা জান্নাত। এছাড়া বক্তব্য রাখেন প্রেসক্লাব নান্দাইলের সভাপতি মোহাম্মদ হান্নান মাহমুদ এবং সিনিয়র সাংবাদিক মোহাম্মদ এনামুল হক বাবুল।

অনুষ্ঠানে ইউএনও ফাতেমা জান্নাত বলেন, বর্তমান সময়ে সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তির জ্ঞান অপরিহার্য। বিশেষ করে ভুয়া সংবাদ বা গুজব শনাক্তে ‘ফ্যাক্ট চেক’ এবং সংবাদ উপস্থাপনায় ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)’ ও ‘মাল্টিমিডিয়া’র সঠিক ব্যবহার সাংবাদিকদের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে।

এসময় পিআইবি’র জিএম মোস্তাফিজুল আলম, প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীনসহ প্রশিক্ষণার্থী সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সাংবাদিকরা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, প্রান্তিক পর্যায়ের সাংবাদিকদের জন্য এ ধরনের উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা বর্তমান সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।

এএন