ধান গবেষণা ইনস্টিটিউটে ছুরি নিয়ে ঢুকে হামলার চেষ্টা, আটক ১

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০১:৩৮ পিএম

কুমিল্লা সদর উপজেলার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যদের সাহসিকতা, সতর্কতা ও তাৎক্ষণিক পদক্ষেপে ছুরি নিয়ে হামলার চেষ্টা নস্যাৎ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করে পরবর্তীতে পুলিশের নিকট সোপর্দ করা হয়।

শুক্রবার দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের ২ নম্বর প্রবেশ গেইটে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য মো. আতিকুর রহমান। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় এক ব্যক্তি জোরপূর্বক প্রতিষ্ঠানের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেন।

প্রবেশের কারণ জানতে চাওয়া হলে এবং নিরাপত্তাজনিত কারণে তাকে বাধা দেওয়া হলে তিনি উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে তিনি তার সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি দেশীয় ধারালো ছুরি বের করে দায়িত্বরত আনসার সদস্যের ওপর হামলার চেষ্টা করেন।

এ সময় দ্রুত ও বিচক্ষণ পদক্ষেপে আনসার সদস্য মো. আতিকুর রহমান নিকটস্থ ১ নম্বর গেইটে দায়িত্বরত আনসার সদস্য মো. আল আমিন হোসেনকে সহায়তার জন্য ডাক দেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

পরবর্তীতে দুই আনসার সদস্যের সমন্বিত ও সাহসী পদক্ষেপে হামলার চেষ্টা করা ব্যক্তিকে নিয়ন্ত্রণে এনে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো. ফরহাদ (৩২)। তিনি কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া গ্রামের নুরু মিয়ার পুত্র।

ঘটনার পর বিষয়টি ক্যাম্প ইনচার্জ পিসি নাসিম উদ্দিনকে অবহিত করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটক ব্যক্তিকে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। পরে তাকে কুমিল্লা সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

কর্তৃপক্ষ আনসার সদস্যদের সাহসিকতা, দায়িত্ববোধ ও পেশাদার আচরণের প্রশংসা করেছে। তাদের দ্রুত পদক্ষেপে একটি সম্ভাব্য সহিংস ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে জানানো হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দিকনির্দেশনায় সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআইভুক্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানান।

এএন