ডেঙ্গু প্রতিরোধ ও শহরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ঝালকাঠিতে জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বাড়াতে লিফলেটও বিতরণ করা হয়।
শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এই কার্যক্রম শুরু হয়। পরে শহরের স্টেশন রোড, কলাবাগান, কাটপট্টি ও স্টিমারঘাটসহ স্বাস্থ্য বিভাগের চিহ্নিত ডেঙ্গুর উৎপত্তিস্থলের সাতটি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়। একই সঙ্গে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী আসিফের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে স্টেশন রোডের কমলা ফার্মেসিসহ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় জনস্বার্থে জরিমানাও আদায় করা হয়। অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেএইচআর