পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি দোকান থেকে মোট ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সোমবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধ কারেন্ট জাল বিক্রির দায়ে টুনিরহাট বাজারের দোকানদার মাহবুব আলমকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
আদালত পরিচালনায় নেতৃত্ব দেন পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আলী। এ সময় পঞ্চগড় সদর উপজেলার মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায় জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ কারেন্ট জালের ব্যবহার বন্ধ করা জরুরি। মৎস্য সম্পদ রক্ষায় এমন অভিযান আগামীতেও নিয়মিত পরিচালনা করা হবে।
জেএইচআর