ভবিষ্যতের ক্রিকেট তারকা অন্বেষণ এবং ২০২৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে খুলনায় বসেছে যুবাদের মেলা। এরই ধারাবাহিকতায় সোমবার বিকেল ৪টায় খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ ও পরিচিতি পর্ব অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ও গতিশীল নেতৃত্বের উপস্থিতিতে এই আয়োজন তরুণ ক্রিকেটারদের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।
পরিচিতি পর্ব ও ম্যাচ পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত পরিচালক মো: শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবি কাউন্সিলর মো: চৌধুরী শফিকুল ইসলাম হোসেন। এছাড়াও স্থানীয় ক্রীড়া সংগঠক এবং ক্রিকেট বোর্ডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মাঠে উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ক্রিকেটারদের খোঁজখবর নেন এবং মাঠের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন খুলনা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের সহকারী ম্যানেজার (গ্রাউন্ডস) মোঃ শহিদুল ইসলাম, ভেন্যু ম্যানেজার আল আমিন এবং ভেন্যু কো-অর্ডিনেটর মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে নবনির্বাচিত পরিচালক মো. শফিকুল আলম তুহিন তরুণ ক্রিকেটারদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ লুকিয়ে আছে এই তৃণমূল এবং বয়সভিত্তিক দলগুলোর ভেতরেই। ২০২৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে এখন থেকেই একটি শক্তিশালী ও অপরাজেয় দল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। খুলনার এই ভেন্যুটি ক্রিকেটারদের স্কিল ও ফিটনেস বাড়াতে দারুণ ভূমিকা রাখছে। বিসিবি আগামী দিনে ক্রিকেটারদের সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ক্রিকেটাররা যদি সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের উজাড় করে দিতে পারে, তবে জাতীয় দল তথা বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা ওড়ানো কেউ ঠেকাতে পারবে না।
বিশেষ অতিথির বক্তব্যে বিসিবি কাউন্সিলর মো. চৌধুরী শফিকুল ইসলাম হোসেন বলেন, খুলনা সবসময়ই বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বমানের খেলোয়াড় উপহার দিয়ে এসেছে। এই মাটির ক্রিকেটীয় ঐতিহ্য অনেক সমৃদ্ধ। ৪৫ জন প্রতিভাবান ক্রিকেটারকে নিয়ে আয়োজিত এই বিশেষ ক্যাম্প থেকে এমন কিছু রত্ন বেরিয়ে আসবে, যারা আগামী দিনে বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করবে। ক্রিকেটাররা এই ক্যাম্পের প্রতিটি মুহূর্তকে কাজে লাগিয়ে নিজেদের খামতিগুলো দূর করে আরও পরিপক্ব হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে টার্গেট করে সম্ভাবনাময় ক্রিকেটারদের নিখুঁতভাবে বাছাই ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের লক্ষ্যে বিসিবি এই বিশেষ প্রস্তুতি ক্যাম্পের আয়োজন করেছে। দেশসেরা ৪৫ জন উদীয়মান ক্রিকেটারকে নিয়ে গত ১৫ জুন থেকে খুলনায় এই ক্যাম্পটি শুরু হয়েছে, যা আগামী ২৭ জুন পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে চলবে।
ক্যাম্পের অংশ হিসেবে ক্রিকেটাররা নিজেদের মধ্যকার দক্ষতা ও ম্যাচ টেম্পারামেন্ট যাচাইয়ের জন্য আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে মোট ছয়টি একদিনের (ওডিআই) ম্যাচ খেলছেন। আজ এই সিরিজের চতুর্থ ম্যাচটি সফলভাবে সম্পন্ন হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ২৪ জুন পঞ্চম ম্যাচ এবং আগামী ২৭ জুন ক্যাম্পের শেষ দিনে সমাপনী ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচগুলোর পারফরম্যান্স বিশ্লেষণ করেই পরবর্তী ধাপের জন্য সেরা স্কোয়াড নির্বাচন করা হবে বলে বিসিবি সূত্রে জানা গেছে।
জেএইচআর