প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন সাবেক মেয়র আইয়ুব বাবুল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১২:২২ এএম

চট্টগ্রামের পটিয়ায় প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আইয়ুব বাবুল। সোমবার রাতে নিজ এলাকা পটিয়া পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত জানাজায় তিনি অংশ নেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর মা আমজুমান আরা বেগম (৮২) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করলে শেষ বিদায়ে অংশগ্রহণের সুযোগ চেয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। তাঁর বোন নাহিদা সুলতানা সুস্মীর আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ তাঁকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়।

সোমবার রাতে কারাগার থেকে মুক্ত হয়ে আইয়ুব বাবুল পটিয়া সদরের আদালত জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন। রাত ৯টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত এই জানাজায় আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে হাতকড়া পরিহিত অবস্থায় তাঁকে আবেগাপ্লুত হয়ে কাঁদতে দেখা যায়। এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি তাঁর মায়ের রুহের মাগফিরাত কামনা করেন এবং নিজেকে নির্দোষ দাবি করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পটিয়া থানায় দায়ের হওয়া একাধিক মামলায় আইয়ুব বাবুল বর্তমানে কারাগারে রয়েছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্যারোলে মুক্তি পেয়ে পুলিশি প্রহরায় তিনি জানাজায় অংশগ্রহণ করেন। নির্ধারিত সময় শেষে তাঁকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট কয়েকটি মামলায় গ্রেপ্তার হওয়ার পর গত প্রায় ১০ মাস ধরে তিনি কারাগারে রয়েছেন।