নারায়ণগঞ্জের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিনকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে এই থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন জামাল উদ্দিন। তিনি এর আগে সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শকের (তদন্ত) দায়িত্বে ছিলেন।
বুধবার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি এক জরুরি অফিস আদেশে জামাল উদ্দিনকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেন। আদেশ পাওয়ার পর তিনি নতুন কর্মস্থলে যোগদান করেছেন।
বদলি ও নতুন ওসির যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী। তিনি জানান, বন্দর থানার ওসি আশরাফ উদ্দিনকে বদলি করা হয়েছে। এটি একটি স্বাভাবিক ও নিয়মিত বদলি প্রক্রিয়া। তিনি দীর্ঘদিন অত্যন্ত দক্ষতার সঙ্গে এই থানায় দায়িত্ব পালন করেছেন।
তারেক আল মেহেদী আরও জানান, আশরাফ উদ্দিনের জায়গায় সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা জামাল উদ্দিনকে স্থলাভিষিক্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পালন করবেন।
জেএইচআর