ঝালকাঠি পৌর প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (২৪ জুন, ২০২৬) বিকেলে ঝালকাঠি পৌর মিনি স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে ৯ নম্বর ওয়ার্ড দল ৩-০ গোলে ৭ নম্বর ওয়ার্ড দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের অধিনায়কের হাতে ট্রফি এবং চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে একটি গরু তুলে দেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। পুরস্কার হিসেবে গরু পাওয়ায় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও সমর্থকদের মাঝে বাড়তি উন্মাদনা ও আনন্দ দেখা যায়।
ঝালকাঠি পৌর প্রশাসক মো. কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিজিটাল ডিভাইসের অতিরিক্ত ব্যবহার, মাদক ও অপরাধ থেকে যুবসমাজকে দূরে রাখতে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করে।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন বলেন, খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক জোরদার করে। স্থানীয় পর্যায়ে এমন আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করে এবং সমাজকে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে সহায়তা করে।
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক মো. কাওছার হোসেন বলেন, গ্রামীণ ঐতিহ্য ও খেলাধুলার আনন্দকে আরও প্রাণবন্ত করতে পুরস্কার হিসেবে গরু দেওয়ার এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে স্থানীয় মানুষের অংশগ্রহণ ও আগ্রহ যেমন বেড়েছে, তেমনি বিজয়ের আনন্দ যেন তাঁরা নিজেদের এলাকার মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারেন, তাও নিশ্চিত হয়েছে।
পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সফল সমাপ্তিতে খেলোয়াড় ও দর্শকদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিজয়ী দলের খেলোয়াড়রা জানান, পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি আস্ত গরু পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। এটি তাদের মাঠের পরিশ্রমের এক দারুণ স্বীকৃতি।
জেএইচআর