দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ নারী আটক

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৫:০৭ পিএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দৌলতপুর থানার সাধারণ ডায়েরি (জিডি) নং-৮৮১, তারিখ ২৪ জুন ২০২৬-এর ভিত্তিতে ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে এসআই (নিঃ) মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স এবং নারী কনস্টেবল যুথী আক্তারকে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বাচামারা ইউনিয়নের কল্যাণপুর গ্রামের একটি বসতঘরে মাদক ব্যবসায়ীরা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এক নারীকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা এক ব্যক্তি কৌশলে পালিয়ে যান।

আটক নারী নিজের পরিচয় মোছা. নাজমা খাতুন (২৫), স্বামী- আরশেদ শেখ, গ্রাম- কল্যাণপুর, থানা- দৌলতপুর, জেলা- মানিকগঞ্জ বলে জানান।

পরে নারী কনস্টেবলের মাধ্যমে তল্লাশি চালিয়ে তার পরিহিত ব্লাউজের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন ১ দশমিক ১ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ৩ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

অভিযান চলাকালে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। এ ঘটনায় এসআই (নিঃ) মো. সাইফুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করেন। মামলার এফআইআর নং-১২ এবং জিআর নং-৮৯।

মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে দৌলতপুর থানার এসআই (নিঃ) সৈয়দ হাবিবুল্লাহর ওপর। এদিকে অভিযানের সময় পালিয়ে যাওয়া আরশেদ শেখকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

এম জি