গাজীপুরে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৫:৪৩ পিএম

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ডিপি ফুডস নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে কোনাবাড়ী আমবাগ বোর্ড ঘর এলাকায় জেলা গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান।

অভিযানে ডিপি ফুডসের বিরুদ্ধে একাধিক অনিয়ম পাওয়া যায়। এর মধ্যে রয়েছে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণ, বিভিন্ন পণ্যের মোড়কে বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং খাদ্যপণ্য যথাযথভাবে ঢেকে না রাখা।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক দীপংকর চন্দ্র দেবনাথকে (৩২) ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পুনরায় এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

অভিযানে ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।

এম জি