ভেড়ামারায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন, পাবে ২১ হাজার শিশু

হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৬:০৯ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আগামী ২৮ জুন (রবিবার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত।

সভায় জানানো হয়, ক্যাম্পেইনের অংশ হিসেবে ভেড়ামারা উপজেলায় মোট ১৪৫টি কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এবার ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ২১ হাজার ৫২৪ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের একটি করে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের টিকাদান কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত এ কার্যক্রম চলবে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমিরুল আরাফাত বলেন, একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। ভিটামিন ‘এ’ শিশুদের অন্ধত্ব প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই অভিভাবকদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।

এম জি