তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে শুরু হলো মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কের সংস্কার

মো. শাহজাহান ফকির, নান্দাইল (ময়মনসিংহ) প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৫:৩৬ পিএম

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কের দীর্ঘদিনের বেহাল অবস্থা ও জনদুর্ভোগ নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর হস্তক্ষেপে সড়কটির হাটশিরা বাজারসংলগ্ন লক্ষীপুর জামে মসজিদের পাশের ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাট ও সংস্কারকাজ শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের ওই অংশে বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হওয়ায় বৃষ্টির পানি জমে যানবাহন চলাচল এবং পথচারীদের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন।

প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ক্ষতিগ্রস্ত অংশে সংস্কারকাজ শুরু করেন।

এক বিবৃতিতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কের বেহাল অবস্থার বিষয়টি জানার পরপরই সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। সাময়িক এই দুর্ভোগের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

তিনি আরও বলেন, কয়েক বছর আগে সড়কটির কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও কেন কাজ দীর্ঘদিন বন্ধ ছিল, তা তদন্ত করে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি পুরো প্রকল্পের অগ্রগতি নিজে তদারকি করছেন বলেও জানান।

এদিকে সড়ক সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দ্রুত জনদুর্ভোগ নিরসনে প্রতিমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকাবাসী তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এম জি