মুরাদনগরে মন্দিরের পুকুরে ডুবে ব্যবসায়ীর মৃত্যু

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি প্রকাশিত: জুন ২৭, ২০২৬, ০৪:৫৮ পিএম

কুমিল্লার মুরাদনগরে পুকুরে গোসল করতে নেমে নেপাল চন্দ্র সাহা (৬৩) নামে এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় এক ঘণ্টা পর স্থানীয় জেলেদের জালের সহায়তায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর জমিদার বাড়ির মদন-মোহন মন্দিরের পুকুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নেপাল চন্দ্র সাহা উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের বোরারচর গ্রামের মৃত জতিন্দ্র চন্দ্র সাহার ছেলে। তিনি জাহাপুর বাজারের একজন সুপরিচিত ব্যবসায়ী ছিলেন এবং দীর্ঘদিন ধরে জাহাপুর জমিদার বাড়ির একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালেও তিনি মদন-মোহন মন্দিরের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে সাঁতার কাটার সময় পুকুরের মাঝখানে গিয়ে তিনি হঠাৎ পানির নিচে তলিয়ে যান। ঘাটে থাকা লোকজন বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালান। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান না মেলায় পরে স্থানীয় জেলেদের খবর দেওয়া হয়। অবশেষে জেলেদের টেনে আনা জালের সাহায্যে প্রায় এক ঘণ্টা পর তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে মুরাদনগর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুপুরে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

নিহতের ছেলে জয় কুমার সাহা বলেন, বাবা গোসল করার সময় হয়তো হঠাৎ স্ট্রোক করেছিলেন, যে কারণে তিনি আর পানি থেকে ভেসে উঠতে পারেননি। এই মৃত্যু নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই।

এদিকে স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, এর আগেও এই মন্দিরের পুকুরে ডুবে আরও দুইজনের মৃত্যু হয়েছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে তিনি এই পুকুরে গোসল করতে আসা সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানান।

জেএইচআর