তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
এরই ধারাবাহিকতায় শনিবার সকাল ৯টায় দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মোটর ড্রাইভিং প্রশিক্ষণার্থীদের জন্য এক বিশেষ ‘জব ফেয়ার’ (চাকরি মেলা) অনুষ্ঠিত হয়েছে।
উক্ত জব ফেয়ারের মাধ্যমে রংপুর ও রাজশাহী রেঞ্জের ১৬টি জেলা থেকে আগত আনসার-ভিডিপি সদস্যদের মধ্য থেকে ১২৬ জনকে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপে ড্রাইভার ও ড্রাইভারস হেলপার হিসেবে চাকরি নিশ্চিত করা হয়েছে। মেলায় অংশ নেওয়া প্রত্যেকেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে সফলভাবে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
আনসার-ভিডিপির জব ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো. নূরুজ্জামান, পিভিএম, পিভিএমএস। আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিরল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আব্দার মোল্লা, দিনাজপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রবীর চন্দ্র এবং প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল, মে ও জুন মাসে দিনাজপুর আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কারিগরি/পেশাগত প্রশিক্ষণ গ্রহণকারী সর্বমোট ২৭৮ জন তরুণ আনসার ও ভিডিপি সদস্যের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। দেশের বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ চালক তৈরিতে বাহিনীর এ উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হচ্ছে।
এএন