৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১১:৪৫ এএম

ফেনীতে গ্যাস সরবরাহের পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের জন্য মঙ্গলবার (৩০ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে।

সোমবার রাতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) কুমিল্লা প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপক (পিএলসিসি ডিপার্টমেন্ট) প্রকৌশলী মনোজ কুমার গাইন এ তথ্য নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেনী শহরের শান্তি কোম্পানি রোড থেকে আলিমউদ্দিন এলাকা পর্যন্ত মেরামতকৃত লাইনে গ্যাস সংযোগ এবং জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বাখরাবাদের গ্যাস সংযোগ লাইনে কাজ করা হবে। এজন্য জেলাজুড়ে গ্যাস সংযোগ বন্ধ রাখা হবে। গ্রাহকদের অবগতির জন্য জেলাজুড়ে মাইকিং করা হচ্ছে।

সূত্র আরও জানায়, রক্ষণাবেক্ষণ শেষ হলে বৃহস্পতিবার (২ জুলাই) ভোর ৬টা থেকে পুনরায় গ্যাস সংযোগ চালু করা হবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে ৪৮ ঘণ্টার আগেই গ্যাস সংযোগ চালু করা হবে।

তিনি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেন।

এএন