ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

মশিউর রহমান বাবলু, পটুয়াখালী প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০২:১৮ পিএম

ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে পটুয়াখালীতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে পটুয়াখালী বাস টার্মিনাল সংলগ্ন সড়কে পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এই ঘণ্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি, বাস-মিনিবাস শ্রমিক সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র কুয়াকাটা এবং দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা পটুয়াখালীর সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম এই ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক। বর্তমানে সড়কটিতে যানবাহনের চাপ দিন দিন বৃদ্ধি পাওয়ায় প্রায়ই তীব্র যানজট ও ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটছে।

বক্তারা আরও উল্লেখ করেন, পর্যটন শিল্পের প্রসার, ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতির দ্রুত বিকাশে মহাসড়কটি ৬ লেনে উন্নীত করা অত্যন্ত জরুরি। এটি বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হবে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ ও দ্রুততর হবে।

তাই ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন আন্দোলনকারীরা।

জেএইচআর