ময়মনসিংহ সদর ভূমি অফিসে প্রায় ১৬ কোটি টাকা রাজস্ব আদায়

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৪:৫৬ পিএম

ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিস সদ্যসমাপ্ত ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন খাত থেকে মোট ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা সরকারি রাজস্ব আদায় করেছে। সম্প্রতি উপজেলা ভূমি অফিস থেকে প্রকাশিত এক তথ্যচিত্রে এই সাফল্যের বিবরণী জানানো হয়েছে।

তথ্যচিত্র অনুযায়ী, রাজস্ব আদায়ের সবচেয়ে বড় অংশটি এসেছে ভূমি উন্নয়ন কর থেকে। এই খাত থেকে আদায় হয়েছে ১৩ কোটি ৭ লাখ ২৮ thousand ৪৬২ টাকা। এ ছাড়া আধুনিক ডিজিটাল ভূমিসেবার আওতায় অনলাইনে আদায়কৃত নামজারি ফি থেকে ২ কোটি ৬২ লাখ ৯ হাজার ১৭০ টাকা এবং চালানের মাধ্যমে নবায়ন ফি থেকে ১ লাখ ৭৫  লাখ ১৫৬ টাকা অর্জিত হয়েছে। পাশাপাশি ভিপি (ভেস্টেড প্রপার্টি বা অর্পিত সম্পত্তি) লিজ মানি বাবদ ৫ লাখ ১ হাজার ৯৬৪ টাকা এবং বিভিন্ন অপরাধে মোবাইল কোর্টের বা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড হিসেবে আদায় হয়েছে ৩ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা।

সব মিলিয়ে সবকটি খাত থেকে সফলভাবে আহরিত ১৫ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৩৫১ টাকা সরকারের কোষাগারে জমা দিয়েছে ময়মনসিংহ সদর উপজেলা ভূমি অফিস।

ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড সৈয়দা তামান্না হুরায়রার দক্ষ তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়। ভূমি উন্নয়ন কর, অনলাইন নামজারি, লিজ মানি ও মোবাইল কোর্টসহ বিভিন্ন খাতের এই সময়োপযোগী রাজস্ব আদায়ের মাধ্যমে সরকারের আয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে।

প্রকাশিত তথ্যচিত্রে সামগ্রিক এই অর্জনের জন্য ময়মনসিংহ সদর উপজেলার সম্মানিত জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে উল্লেখ করা হয়, উপজেলার বাসিন্দাদের সততা, সহযোগিতা ও আস্থাই ভূমি অফিসকে আরও নিষ্ঠা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে জনসেবা প্রদানে অনুপ্রাণিত করবে।

ভূমি অফিসের সেবার মূল প্রতিপাদ্য হিসেবে ‘সঠিক তথ্য, স্বচ্ছ সেবা ও উন্নত ভূমি ব্যবস্থাপনা’ নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে তারা। একই সঙ্গে ‘ভূমিই উন্নয়নের ভিত্তি, ভূমিই সমৃদ্ধির পথ’ এই মূলমন্ত্রকে সামনে রেখে আগামীতেও ভূমিসেবাকে আরও বেশি জনবান্ধব ও সহজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

জেএইচআর