জামালপুরের ইসলামপুর উপজেলায় দশানী নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে তীব্র নদীভাঙন শুরু হয়েছে। কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর প্রবল স্রোতে ফসলি জমি একের পর এক নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে নদীতীরবর্তী মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া এলাকায় দশানী নদীর তীরবর্তী বিস্তীর্ণ ফসলি জমি ইতোমধ্যে ভাঙনের শিকার হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও বহু আবাদি জমি ও নদীপাড়ের বসতবাড়ি।
ভুক্তভোগী মসুর মিয়া, শাহিন, সরুজ আলী ও ওয়ারেজ মিয়া জানান, নদীভাঙনের কারণে তাদের আবাদি জমি ও মাথা গোঁজার ঠাঁই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বর্ষার শুরুতেই দশানী নদীর এমন ভয়াল রূপ দেখে তারা দিশেহারা হয়ে পড়েছেন।
ভাঙনকবলিত এলাকার সাবেক ইউপি সদস্য বদর আলী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, সাজু মিয়া, গাজিউর রহমান ও ফরিদসহ স্থানীয়রা বলেন, “নদী যেভাবে ভাঙছে, যেকোনো সময় আমাদের ঘরবাড়িও নদীতে চলে যাবে। রাতে আতঙ্কে ঘুমাতে পারি না।”
ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম জানান, বোলাকীপাড়া গ্রামের পাতারু বাড়ি থেকে জবেদ আলীর বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে নদীভাঙন অব্যাহত রয়েছে।
স্থানীয়দের দাবি, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা এবং স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করা হোক। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য, পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
এম জি