পাবনার ভাঙ্গুড়ায় পুলিশের হাতে আটক হওয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভে নেতৃত্ব দেওয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা ছাত্রদল।
রোববার রাত সাড়ে ১০টার দিকে পাবনা জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান প্রিন্স ও সদস্যসচিব মো. সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উপজেলা ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের আদর্শপরিপন্থী কাজে লিপ্ত থাকায় আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিবের উপস্থিতিতে জেলা কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় নাশকতার ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রিপন সরকারের মুক্তির দাবিতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেলের নেতৃত্বে প্রায় ২০০ গ্রামবাসী থানা ঘেরাও করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে তাদের আন্দোলনের মুখে পুলিশ ওই যুবলীগ নেতাকে গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দিতে বাধ্য হয়।
একটি দায়িত্বশীল পদে থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের একজন নেতার পক্ষে ছাত্রদল নেতার প্রকাশ্য অবস্থান এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি করে। ছাত্রদল নেতা শফিকুল ইসলাম সোহেলের ভূমিকা নিয়েও ব্যাপক সমালোচনা হয়।
বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে জেলা ছাত্রদল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়। এ বিষয়ে জেলা ছাত্রদলের নেতারা জানান, লিখিত ব্যাখ্যা পাওয়ার পর সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এএন