সাতক্ষীরার তালায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ, মানবপাচার রোধ এবং সরকারি আইনি সহায়তা (লিগ্যাল এইড) প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষ্যে এক সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে তালা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে তালা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। অনুষ্ঠানটি পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, গ্রামীণ নারীদের অধিকার রক্ষায় বাল্যবিবাহ ও মানবপাচার একটি বড় অন্তরায়। আইনি তথ্যের অভাবে অনেক নারী সহিংসতার শিকার হয়েও সঠিক সময়ে বিচার পান না। বর্তমান সরকার অসহায়, অসচ্ছল ও নির্যাতিত নারীদের জন্য সরকারি খরচে লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তার ব্যবস্থা করেছে। এই আইনি সুবিধা প্রান্তিক নারীদের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরকে আরও তৎপর হতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং তালা প্রেস ক্লাবের সভাপতি সেলিম হায়দার।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, তালাকে বাল্যবিবাহ ও নারী নির্যাতনমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সমাবেশে অন্যান্যের মধ্যে তালা সদর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় বিপুল সংখ্যক নারী অংশ নেন।
জেএইচআর