গোয়ালন্দে ছোট ভাকলার খেলার মাঠ পরিদর্শনে ইউএনও

মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ১০:৫৭ এএম

দেশের প্রতিটি ইউনিয়নে ন্যূনতম আট বিঘা জমি চিহ্নিত করে খেলার মাঠ সংস্কার, উন্নয়ন বা নতুন মাঠ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। শিশু-কিশোর ও তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের বরাট ক্লাব হাউসের মাঠ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে চৌধুরী আব্দুল হামিদ একাডেমি-সংলগ্ন বরাট ক্লাব হাউসের মাঠটি পরিদর্শন করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, চৌধুরী আব্দুল হামিদ একাডেমির প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, বরাট ক্লাব হাউসের সভাপতি তাওহীদ চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লাসহ অন্যান্যরা।

সরকারের সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রযুক্তিনির্ভর জীবনযাপন, উন্মুক্ত খেলার মাঠের সংকট এবং দ্রুত নগরায়ণের ফলে মাঠভিত্তিক ক্রীড়া কার্যক্রম দিন দিন সীমিত হয়ে পড়ছে। এর নেতিবাচক প্রভাব শিশু-কিশোরদের স্বাভাবিক বিকাশের পাশাপাশি সামাজিক অবক্ষয়, মাদকাসক্তি ও অপরাধপ্রবণতার ঝুঁকি বাড়াচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ইউনিয়নভিত্তিক খেলার মাঠ নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে।

পরিদর্শনকালে ইউএনও মাঠের অগ্রগতি ও অবকাঠামো ঘুরে দেখেন। তিনি আশা প্রকাশ করেন, এই মাঠটি স্থানীয় ক্রীড়াপ্রেমী ও তরুণদের জন্য একটি আধুনিক ও মানসম্মত খেলার কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

এএন