প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কৃষক কার্ড কার্যক্রমে গতি আনতে ময়মনসিংহে অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সদর উপজেলার খাগডহর ইউনিয়নের মাইজবাড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. এনামুল হক। এ সময় কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ কৃষকেরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উল্লেখ করেন, কৃষক কার্ডের আওতায় একটি নির্ভুল ডিজিটাল ডাটাবেজ গড়ে উঠলে প্রকৃত কৃষকদের সহজে চিহ্নিত করা যাবে। এর ফলে ভর্তুকি, প্রণোদনা, কৃষিঋণ, বীজ ও সারসহ বিভিন্ন সরকারি সহায়তা দ্রুত ও স্বচ্ছভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। তথ্য সংগ্রহে অ্যাপ ব্যবহারের ফলে ভুলভ্রান্তি কমবে এবং সেবার মান আরও বাড়বে।
মতবিনিময় সভা শেষে উপস্থিত কৃষকদের কাছ থেকে অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে জেলার সব ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করে সব প্রকৃত কৃষককে ডিজিটাল কৃষক কার্ডের আওতায় আনা হবে।
জেএইচআর