যশোরের চৌগাছায় স্কুল ছুটির পর সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় পাঁচ শিক্ষার্থীসহ একই পরিবারের তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের সিংহঝুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চৌগাছা-যশোর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিংহঝুলী শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্কুল ছুটির পর রাস্তা পার হচ্ছিল। এই সময় যশোর থেকে চৌগাছার দিকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে চালক ও আরোহীরাও আহত হন।
আহত শিক্ষার্থীরা হলো- জিমি (১৩), সুরাইয়া (১২), চয়ন (১৫), শরিফা (১২) ও সিয়াম (১৫)। এছাড়া মোটরসাইকেলের চালক দীপু (৩২), তাঁর স্ত্রী সুরাইয়া খাতুন (২০) এবং তিন বছরের কন্যাসন্তান সিনথিয়া আহত হয়েছে।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে জিমি, চয়ন, শরিফা, সিয়াম ও মোটরসাইকেল চালক দীপুকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে চৌগাছা থানার সাব-ইন্সপেক্টর জি এম ইমরান হোসেন রাজুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করে। চৌগাছা থানা পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেএইচআর