নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি আমিরুল, সম্পাদক শিহাব

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০১:১২ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে দীর্ঘ ৬ বছর পর নেত্রকোণা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীমের যৌথ স্বাক্ষরে ১২ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটি প্রকাশ করা হয়। নবগঠিত এই কমিটিতে মো. আমিরুল ইসলামকে সভাপতি এবং মো. শিহাব আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দীর্ঘদিন পর বহু আকাঙ্ক্ষিত এই নতুন কমিটি গঠন করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা। তাঁরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃত্বকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

নবগঠিত কমিটির সভাপতি মো. আমিরুল ইসলাম নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, দলকে ভালোবেসে দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার মূল্যায়ন হিসেবেই দল আজ তাঁদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। তিনি আরও জানান, নতুন কমিটির মূল লক্ষ্য হবে- করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।

জেএইচআর