দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ১২:২০ পিএম

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নতুন নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ জুলাই প্রতিটি বিদ্যালয়ের আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছ মিলিয়ে মোট পাঁচটি চারা রোপণ করতে হবে।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২ থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. সাজ্জাদ হোসেন।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি প্রধানমন্ত্রী জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। ওই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশের অংশ হিসেবে দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই দিনে নির্ধারিত সময়ে পাঁচটি গাছের চারা রোপণ করতে হবে। এর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি- এই তিন ধরনের গাছের সমন্বয় রাখতে হবে।

এ কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য বিভাগীয় উপপরিচালকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, বিদ্যালয়ভিত্তিক এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্দেশ্য শুধু সবুজায়ন বাড়ানো নয়; বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানো ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক মনোভাব গড়ে তোলাও এর অন্যতম লক্ষ্য।

এএন