এইচএসসি পরীক্ষার্থীদের নতুন কর্মসূচি ঘোষণা 

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৫:০৩ পিএম

এইচএসসি পরীক্ষা সংক্রান্ত তিন দফা দাবি ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। বুধবার (১৫ জুলাই) ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালন করার কথা জানিয়েছেন তারা।

মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরা এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ সময় তারা শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবি জানিয়ে আলটিমেটাম দেন। পরে উত্তরা বিএনএস সেন্টারের সড়ক থেকে সরে গিয়ে বুধবার শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেন তারা।

এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে তাদের অবস্থান করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানের পাশাপাশি এক পাশে ছাত্রদলের নেতাকর্মীদেরও অবস্থান করতে দেখা যায়।

অন্যদিকে বিকেল পৌনে ৪টার দিকে আবারও রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের অবস্থানের কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও পথচারীরা।

এর আগে টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে আন্দোলনে নামেন। তাদের দাবির মধ্যে রয়েছে দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত দিনে পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ।

এএন