রাজধানীর ওয়ারী থানার প্রতারণার অভিযোগে করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান তাকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে আসামি নিশাদুজ্জামান নিশাদের কাছ থেকে তৌহিদ উদ্দিন আফ্রিদীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, তাই তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম এ আবেদন সমর্থন করেন, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে ধাপে ধাপে টাকা বিনিয়োগে উদ্বুদ্ধ করে। পরে মুনাফাসহ ফেরতের আশ্বাস দিয়ে সর্বমোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি ওয়ারী থানায় মামলা করেন।
উল্লেখ্য, এর আগে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায়ও তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছিল।
এম জি