মেসির ছবি এঁকে ভক্তদের চমকে দিলেন চঞ্চল চৌধুরী

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ২১, ২০২৬, ১২:১০ এএম

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর আবহে ফুটবল উন্মাদনায় মেতে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশ। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। মাঠে বাংলাদেশ না থাকলেও সমর্থকদের মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে চলছে তুমুল উচ্ছ্বাস।

এই আবহে নিজেদের পছন্দের দল ও খেলোয়াড় নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারাও। তবে ব্যতিক্রমী এক উপায়ে প্রিয় ফুটবলারের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

শনিবার (২০ জুন) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি–এর একটি স্কেচ প্রকাশ করেন তিনি। নিজের আঁকায় মেসির চুল, দাড়ি, চোখ এবং পরিচিত হাসির অভিব্যক্তি নিখুঁতভাবে তুলে ধরেন অভিনেতা।

ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে চঞ্চল চৌধুরী লেখেন, ‘আমি মেসির একটা ছবি আঁকব-এটা দেখে মেসি ভক্তরা খুশি হতেই পারেন। আঁকলাম। প্রিয় খেলোয়াড় বলে কথা! এখন লাইক-শেয়ার আপনার ব্যাপার।’

পোস্টটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। ভক্ত ও অনুসারীরা অভিনেতার আঁকার দক্ষতার প্রশংসা করেন। কেউ মন্তব্য করেন, তিনি যেমন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা, তেমনি একজন প্রতিভাবান চিত্রশিল্পীও। আবার কেউ কেউ অভিনয়ে তার সাফল্যের সঙ্গে মেসির ফুটবল নৈপুণ্যের তুলনাও টানেন।

অভিনয়ের পাশাপাশি গান ও চিত্রাঙ্কনেও দক্ষ চঞ্চল চৌধুরী। বিভিন্ন সময় তিনি প্রিয় মানুষ ও গুণী ব্যক্তিত্বদের প্রতিকৃতি এঁকে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। তার আঁকায় ইতোমধ্যে উঠে এসেছে সত্যজিৎ রায়, তারিক আনাম খান, বাপ্পা মজুমদার, সালাহউদ্দিন লাভলু, রায়হান রাফী, তাসনিয়া ফারিণ এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ আরও অনেক পরিচিত মুখ।

এম জি