পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ অভিনেত্রীর

বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ০৪:৫১ পিএম

ছোট পর্দার অভিনেত্রী পারসা ইভানা পরিচালক ফারহাদ আহমেদ ইশানের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখা এবং অপেশাদার আচরণের অভিযোগ এনেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি নিজের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি শিল্পী ও কলাকুশলীদের ভবিষ্যতে কাজের ক্ষেত্রে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ওই পোস্টে পারসা ইভানা জানান, পরিচালক ফারহাদ আহমেদ ইশানের সঙ্গে কাজ করতে গিয়ে তিনি যোগাযোগের ঘাটতি, পেশাদার আচরণের অভাব এবং পারিশ্রমিক পরিশোধে অনিয়মের মতো নানা সমস্যার মুখোমুখি হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, কাজ শেষ হওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো তিনি সম্পূর্ণ পারিশ্রমিক বুঝে পাননি।

অভিনেত্রীর দাবি, গত সাত মাস ধরে নিজের প্রাপ্য পারিশ্রমিকের জন্য অপেক্ষা করছেন তিনি। এ সময়ের মধ্যে কিছু অর্থ পরিশোধ করা হলেও পুরো পাওনা এখনো বাকি রয়েছে। তবে নিজের পাওনার চেয়েও শুটিং ইউনিটের অন্যান্য সদস্যদের পরিস্থিতি তাকে বেশি উদ্বিগ্ন করেছে বলে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে পারসা ইভানা বলেন, “নিজের পাওনা না পেলেও হয়তো আমি মেনে নিতে পারি, কিন্তু যারা দিন এনে দিন খায়, প্রোডাকশন বয় কিংবা নতুন যারা ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছেন, তাদের প্রাপ্য পারিশ্রমিক আটকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তিনি আরও প্রশ্ন তোলেন, কেন এত সংখ্যক শিল্পী ও কলাকুশলীর পারিশ্রমিক দীর্ঘদিন ধরে বকেয়া রাখা হয়েছে। তার মতে, এ ধরনের ঘটনা বিনোদন অঙ্গনের জন্য উদ্বেগজনক এবং এর সুষ্ঠু সমাধান প্রয়োজন।

একই পোস্টে সহশিল্পী ও কলাকুশলীদের উদ্দেশে সতর্কবার্তাও দেন পারসা ইভানা। তিনি পরামর্শ দেন, কোনো প্রজেক্টে যুক্ত হওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিষয়ে ভালোভাবে খোঁজ নেওয়া উচিত। পাশাপাশি কাজের চুক্তি, পারিশ্রমিক এবং অন্যান্য শর্ত লিখিতভাবে নিশ্চিত করে নেওয়ার পাশাপাশি নিজের অধিকার সম্পর্কেও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

পোস্টের শেষাংশে পারসা ইভানা বলেন, “এমন একটি বিনোদন অঙ্গন দেখতে চাই, যেখানে সততা, দায়িত্ববোধ ও পেশাদারি সর্বোচ্চ গুরুত্ব পাবে।”

এর পাশাপাশি তিনি মন্তব্য করেন, অসততা, প্রতিশ্রুতি ভঙ্গ এবং অপেশাদার আচরণের কোনো স্থান বিনোদন অঙ্গনে থাকা উচিত নয়। তবে এ বিষয়ে পরিচালক ফারহাদ আহমেদ ইশানের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এএন