হরমুজ খোলার দাবি ট্রাম্পের, নীরব তেহরান

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ১২:৪৮ এএম

দীর্ঘদিনের উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার পর ইরান ও যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তেহরানের সঙ্গে একটি চুক্তি ইতোমধ্যেই সম্পূর্ণভাবে স্বাক্ষরিত হয়েছে।

তবে চুক্তিতে ইরানের আনুষ্ঠানিক সম্মতি রয়েছে কি না, কিংবা এর মূল শর্তগুলো কী-সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেননি ট্রাম্প। ফলে তার ঘোষণার পরও নানা প্রশ্নের উত্তর এখনো অজানা রয়ে গেছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প এ দাবি করেন। তিনি জানান, চুক্তির ইতিবাচক প্রভাব হিসেবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আংশিকভাবে উন্মুক্ত করা হয়েছে।

এ সময় আন্তর্জাতিক বাণিজ্য ও নৌপরিবহনের জন্য আরও বড় আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট। তার ভাষ্য অনুযায়ী, আগামী শুক্রবারের (১৯ জুন) মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে উন্মুক্ত করে দেওয়া হবে।

ট্রাম্পের এই ঘোষণার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কারণ বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় হরমুজ প্রণালির গুরুত্ব অত্যন্ত বেশি। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ খনিজ তেল এই জলপথ দিয়েই পরিবাহিত হয়।

তবে যুক্তরাষ্ট্রের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। ফলে চুক্তির বাস্তব অবস্থা, এর কার্যকারিতা এবং সম্ভাব্য শর্তাবলি নিয়ে অনিশ্চয়তা থেকেই গেছে।

এ অবস্থায় আন্তর্জাতিক মহল তেহরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। ইরানের অবস্থান স্পষ্ট হওয়ার পরই চুক্তি সম্পর্কিত প্রকৃত চিত্র সামনে আসবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সূত্র: আল-জাজিরা

এম জি