সাক্ষ্যগ্রহণ আজ

আদালতে এসে ন্যায়বিচারের দাবি জানালেন রামিসার বাবা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২, ২০২৬, ১১:১৩ এএম

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আজ মঙ্গলবার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এ ঘটনায় বিচারাধীন দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর বাবা আব্দুল হান্নান মোল্লা।

সকাল ৯টার দিকে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরুর আগে তিনি ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান জানান।

এদিন মামলার গুরুত্বপূর্ণ একাধিক সাক্ষীর আদালতে জবানবন্দি দেওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা, চিকিৎসক, ম্যাজিস্ট্রেট এবং ঘটনাস্থলের আশপাশের বাসিন্দারা।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে দুই আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়। পরে তাদের ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয় বলে জানা গেছে।

গতকাল সোমবার আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেন। একই সঙ্গে মামলার বাদীসহ মোট ১৭ জন সাক্ষীকে আদালতে উপস্থিত হওয়ার জন্য সমন জারি করা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২৪ মে তদন্ত প্রতিবেদন গ্রহণের পর আদালত অভিযোগ আমলে নেয়। এর আগে তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়।

অভিযোগপত্রে বলা হয়, ১৯ মে সকালে শিশুটি বাসা থেকে বের হওয়ার পর তাকে কৌশলে একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করে। ঘটনার পর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত এক নারীকে হেফাজতে নেয় এবং পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপর আসামিকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় নিহত শিশুর বাবা ২০ মে পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলাটি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

এএন