রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো লাইসেন্স বাতিলের নোটিশকে আইনবহির্ভূত দাবি করে এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (৬ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে হাসপাতালের পক্ষে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
তিনি বলেন, নবজাতকদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের লাইসেন্স বাতিলের জন্য যে নোটিশ দেওয়া হয়েছে, তা আইনসম্মত নয়। এ কারণে হাসপাতাল কর্তৃপক্ষ নোটিশটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।
ঘটনার তদন্ত প্রসঙ্গে তিনি জানান, প্রাথমিক অনুসন্ধানে পেশাগত অবহেলার অভিযোগ ওঠায় দুই নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট আরও কয়েকজনের বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অ্যাডভোকেট শিশির মনির বলেন, ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ—কোনো পক্ষই হাসপাতালটির চিকিৎসাসেবা বন্ধ হোক, এমনটি চায় না। তবে এ ঘটনায় যারা প্রকৃতপক্ষে দায়ী, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহত শিশুদের স্বজনরা।
সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে তারা সবসময় থাকবে। সহায়তার অংশ হিসেবে পরিবারগুলোর যোগ্য সদস্যদের চাকরির সুযোগ এবং সম্মানজনক আর্থিক সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসাসেবার মানোন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এম জি